Ticker

6/recent/ticker-posts

দুঃখুর দুঃখ - মোঃ নজরুল ইসলাম মোল্লা

দুখু মিয়া নামটি আমার
দুঃখের নেইতো শেষ,
দুঃখ আমার দেখে অন্যে
মজায় মাতে বেশ।
এক বছর বয়স হলেই
হারাই বাবার স্নেহ,
মায়ের কষ্টের রতন আমি
আর দেখেনা কেহ।
পাড়া পড়শি স্বজন সবাই
কেবল করে ঘৃণা,
আপন ভেবে সোহাগ নিতে
পাই শুধু বেদনা।
একটু খানি দয়ার চোখে
তাকায় নাতো কেউ,
সাহায্য চাই যদি কারো
তুলে ব্যথার ঢেউ।
সমাজ পতি ধর্ম গুরু
সবার কাছে যাই,
মমতার হাত গুটিয়ে রাখে
গলা ধাক্কা খাই।
মায়ের শুকনো বদন দেখে
মনে জাগে ভয়,
স্কুল যাবার বয়স হলে
কাজে যেতে হয়।
পরের ঘরে কামলা খাটি
মাকে নিয়ে বাঁচি,
এমনি মানব প্রেম সমাজে
আমি টিকে আছি।
টিকে থাকার যুদ্ধের মাঠে
কিশোর আমি আজি,
পিয়াস ফাটা নয়ন নিয়ে
মায়ের সুখটা খুঁজি।